November 11, 2026

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :

প্রতি বছর শীতের শুরুতে জেলার হাওর উপজেলা মোহনগঞ্জ, খালিয়াজুরী, মদন ও আটপাড়া ও বারহাট্টা হাওরগুলোতে ঝাঁকে ঝাঁকে অতিথি পাখিরা আসতে শুরু করতো। নানা প্রজাতির অতিথি পাখির আগমনে মুখরিত হয়ে উঠতো এসব উপজেলার হাওর-বিলগুলো। অতিথি পাখিরা হাওরাঞ্চলের সৌন্দর্য যেমন বৃদ্ধি করতো, তেমনি তারা ভূমিকা রাখতো পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রেও। হঠাৎ করে গত বেশ কয়েক বছর যাবত আর দেখা মিলছে না এসব অতিথি পাখির। নিরাপদ আশ্রয় ও খাদ্য সংকট, নির্বিচারে পাখি নিধন, হাওরাঞ্চলের জীববৈচিত্র বিনষ্ট হওয়াসহ নানাবিধ বিষয়কে অতিথি পাখি না আসার কারণ বলছেন হাওরাঞ্চলের স্থানীয় সচেতন লোকজন ও পাখিপ্রেমীরা। হাওরাঞ্চলের স্থানীয়দের বরাতে জানা গেছে, অতিথি পাখিদের অভয়ারণ্য হিসেবে পরিচিত ছিল জেলার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওর, খালিয়াজুরী উপজেলার ছায়ার হাওর এবং মদন উপজেলার তলার হাওরসহ আরও বেশকিছু হাওর-বিল। এসব এলাকায় বিভিন্ন প্রজাতির বালি হাঁস, ল্যান্জা হাঁস, চখাচখি, পানকৌড়ি, ডাহুক, সরালী ও কাইম পাখিসহ অন্তত অর্ধশতাধিক প্রজাতির অতিথি পাখি আসতো। খাবারের সন্ধানে সুদূর সাইবেরিয়াসহ শীত প্রধান বিভিন্ন দেশ থেকে উড়ে আসতো এসব পাখি।

সরেজমিনে গিয়ে জানা যায় এই অতিথি পাখি এখন না আসার কারণ, তবে সুযোগ সন্ধানী এক শ্রেণির অসাধু পাখি ব্যবসায়ী ও শিকারি ফাঁদ পেতে নির্বিচারে অতিথি পাখি শিকারে মেতে উঠতো। শুধু তাই নয়, কোথাও কোথাও বসতো এসব পাখি বিক্রির হাটও। আইনগত ভাবে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও জনসচেতনতার অভাব এবং স্থানীয় প্রশাসনের উদাসীনতার কারণে অবৈধ ভাবে অতিথি পাখি শিকার ও বিক্রি বন্ধ করা সম্ভব হয়নি। এ অবস্থায় গত কয়েক বছর ধরে অতিথি পাখিরা আর আসে না। তবে মাঝে মধ্যে হাওর এলাকার কোনো কোনো জায়গায় গুটিকয়েক অতিথি পাখি চোখে পড়লেও শিকারিদের অত্যাচারে তারা অন্যত্র চলে যায়। হাওর এলাকা মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরপাড়ের তেতুলিয়া গ্রামের বাসিন্দা কৃষক মজিবুর রহমান বলেন, আগে শীত মৌসুমে অতিথি পাখিদের বিচরণে মুখর থাকতো হাওরগুলো। দিন-রাত এসব পাখির কিচিরমিচির শুনতাম। কিন্তু গত কয়েক বছর ধরে আর অতিথি পাখিরা আসে না। কারণ হাওরের প্রায় সব জলাশয় ভরাট হয়ে গেছে। জলাশয় গুলো ফসলের মাঠে পরিণত হয়েছে। এসব জায়গায় মানুষের বিচরণ বেড়ে গেছে। এসব কারণেই মূলত অতিথি পাখিদের নিরাপদ হাওরাঞ্চল অনিরাপদ হয়ে পড়েছে।

অন্যদিকে জেলার মদন উপজেলার ধোবাউলা গ্রামের মোহন ভূঁইয়া বলেন, আমাদের উপজেলার তলার হাওরসহ বিভিন্ন হাওরে প্রচুর পরিমাণে অতিথি পাখিরা আসতো। দিনে এসব পাখি হাওর জলাশয়ে অবস্থান করতো এবং সন্ধ্যা হতেই তারা আশ্রয় নিতো গ্রামের বাড়ির বিভিন্ন জঙ্গল ও গাছগাছালিতে। কিন্তু বর্তমানে অতিথি পাখিরা না আসায় সেই দৃশ্য আর দেখা যায় না। তিনি আরও বলেন, অতিথি পাখি আসেই না। বর্তমানে দেশীয় প্রজাতির পাখিও কমে যাচ্ছে। বিশেষ করে বক ও ঘুঘুসহ দেশীয় পাখিগুলোকেও অসাধু শিকারিরা মেরে ফেলছে। এটা খুবই দুঃখজনক। একই উপজেলার সদরের বাসিন্দা পাখিপ্রেমী ও সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম তালুকদার বলেন, এক সময় আমাদের লক্ষাীপাশা হাওর, পাঙ্গাশিয়া হাওর, সাতবিলা হাওর ও কুটিচাপরা হাওরসহ প্রায় সবকটি হাওরেই অতিথি পাখিরা আসতো। তখন হাওর ছিল পাখিদের অভয়াশ্রম। কিন্তু সেই হাওর এখন আর নাই। হাওরের কোনো জমিই এখন আর পতিত থাকে না। তাই দেখা মিলে না এসব পাখির।জেলার প্রত্যন্ত হাওর এলাকা খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা অহিদুজ্জামান বলেন, এক সময় এ উপজেলার হাওরগুলোতে প্রচুর পরিমাণে অতিথি পাখিরা আসতো বলে শুনেছি। এখন আর আসে না। তবে যদি কেউ পাখি শিকার করে বা বন্য পাখির ক্ষতিসাধন করে তাহলে আমরা বিষয়টি জানার সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, অতিথি পাখিসহ দেশীয় যেকোনো পাখি শিকার করা আইনগত ভাবে দণ্ডনীয় অপরাধ। অতিথি পাখিসহ সব ধরনের বন্যপ্রাণি রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। তবে বন্য পাখিদের নিরাপত্তা বিধানে আমাদের সকলকে আরো সচেতন হতে হবে এবং এগিয়ে আসতে হবে।

১১/১১/২০২৬ ইং

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় আদালতের রায় ও আদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে ‘ভৈষা ও চাতল’ খাস কালেকশন ইজারা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংখ্যালঘু একটি পরিবারের জমি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন ও উচ্ছেদের আশঙ্কা দেখা দিয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি মহল তাদের জমি দখলের পাঁয়তারা করছে। এ নিয়ে এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে।

আদালতের রায় ও অভিযোগের প্রেক্ষাপট

অভিযোগ সূত্রে জানা যায়, জগন্নাথপুর উপজেলার বাউধরন গ্রামের বাসিন্দা বিদ্যা ভূষণ চন্দ্র (পিতা: মৃত বামা চরণ চন্দ্র) গত ১০ নভেম্বর ২০২৬ তারিখে সুনামগঞ্জের জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে উল্লেখ করা হয়, উপজেলার বাসুদেব চরণ মৌজার জেএল নং-১৮৫, খতিয়ান নং-৪৮ এবং দাগ নং-৩৭৩০ ও ৩৩৭৭ নম্বরের জমির মালিকানা নিয়ে সুনামগঞ্জ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে ৪২৬/২০১৭ নম্বর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার রায় ভুক্তভোগী পরিবারের পক্ষে আসে এবং সহকারী কমিশনার (ভূমি), জগন্নাথপুরকে সংশ্লিষ্ট রেকর্ড সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া সুনামগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে দায়ের করা স্বত্ব মোকদ্দমা নং-১৪২/২০২১-এর রায়ও ভুক্তভোগী পরিবারের পক্ষে রয়েছে বলে অভিযোগে দাবি করা হয়েছে।

আদালতের রায় উপেক্ষা করে ইজারা দেওয়ার অভিযোগ

বিদ্যা ভূষণ চন্দ্রের অভিযোগ, আদালতের রায় ও আইনি নির্দেশনা থাকা সত্ত্বেও উপজেলা খাস কালেকশন ব্যবস্থাপনা কমিটি গত ১৩ অক্টোবর ২০২৬ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৪৩৩ বাংলা সনের অবশিষ্ট সময়ের জন্য আত্মী উদ্দিন (পিতা: হাজী আবারক উল্লা, সাং-বাউধরন) নামে এক ব্যক্তিকে সংশ্লিষ্ট জমির খাস কালেকশন ইজারা প্রদান করে।

তিনি আরও জানান, এর আগে ২০২৫ সালের ১৬ নভেম্বর সহকারী কমিশনার (ভূমি) বরাবর আদালতের রায় ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে ১৪৩২ বাংলা সনে খাস কালেকশন কার্যক্রম বন্ধ রাখা হয়। কিন্তু পরবর্তীতে একই জমিতে পুনরায় ইজারা দেওয়ায় আদালতের রায় ও প্রশাসনিক সিদ্ধান্তের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

জমি দখল ও উচ্ছেদের চেষ্টার অভিযোগ

ভুক্তভোগীর অভিযোগ, ইজারা পাওয়ার পর আত্মী উদ্দিন ও তাঁর লোকজন জমিটি দখলের চেষ্টা শুরু করেন। এ ছাড়া নিজেদের ‘নব্য বিএনপি’ পরিচয় দেওয়া শাহানুর, শাহিনুর, আজিজুর উদ্দিন, তারেক আহমদ, আলীম উদ্দিন ও নাসির উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে পরিবারটিকে বসতভিটা ও জমি থেকে উচ্ছেদের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার হুমকির অভিযোগ উঠেছে।

বিদ্যা ভূষণ চন্দ্রের দাবি, জমির মালিকানার পক্ষে আদালতের রায়সহ প্রয়োজনীয় কাগজপত্র থাকা সত্ত্বেও সংখ্যালঘু পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে একটি প্রভাবশালী মহল জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। এমন পরিস্থিতিতে পরিবারটি নিজেদের বসতভিটা ও সম্পত্তির নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

প্রশাসনের বক্তব্য ও ভুক্তভোগীর দাবি

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন বলেন, “আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি চিঠি আকারে জানিয়েছি এবং সরকারি কৌঁসুলি (জিপি)-এর মতামতের জন্যও চিঠি পাঠিয়েছি।”

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে আদালতের রায় দ্রুত বাস্তবায়ন, সংশ্লিষ্ট ইজারার বৈধতা যাচাই, আইনবহির্ভূত প্রমাণিত হলে ইজারা বাতিল এবং অভিযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যা ভূষণ চন্দ্র ও তাঁর পরিবার।

পাশাপাশি নিজেদের বসতভিটা ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা। স্থানীয় সচেতন মহলও বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে আদালতের আদেশের যথাযথ বাস্তবায়ন এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার দাবি জানিয়েছেন।

মোঃ রফিকুল ইসলাম সোহাগ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের দিরাই উপজেলা বিএনপির সাবেক স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও চরনারচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে ‘দিরাই প্রতিদিন’ নামে একটি অনলাইন পোর্টালে প্রকাশিত সংবাদকে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।

প্রতিবাদে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) ‘দিরাই প্রতিদিন’ নামের একটি অনলাইন পোর্টালে রতন কুমার দাসকে জড়িয়ে একটি সংবাদ প্রকাশ করা হয়। তবে সংবাদটিতে প্রতিবেদকের নাম ও পরিচয় উল্লেখ করা হয়নি। এমনকি সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রতিবাদকারীদের দাবি, সাংবাদিকতার নীতিমালা অনুযায়ী কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগসংবলিত সংবাদ প্রকাশের আগে অভিযোগের সত্যতা যাচাই, প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রকাশিত সংবাদে এসব নীতিমালা অনুসরণ করা হয়নি বলে তাঁদের অভিযোগ।

তাঁরা বলেন, সাংবাদিকতা একটি মহান ও দায়িত্বশীল পেশা। এ পেশার মর্যাদা রক্ষায় সংবাদ প্রকাশের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ হাসিলের উদ্দেশ্যে যাচাই-বাছাই ছাড়া সংবাদ প্রকাশ করে কারও সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ন করা কোনোভাবেই কাম্য নয়।

প্রতিবাদে আরও বলা হয়, ‘দিরাই প্রতিদিন’ নামের পোর্টালটির নিবন্ধন ও পরিচালনার বৈধতা নিয়েও প্রশ্ন রয়েছে। পোর্টালটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় প্রকাশের দাবি জানিয়ে বলা হয়, সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রতিবেদকের নাম ও পরিচয় উল্লেখ করা উচিত, যাতে প্রকাশিত সংবাদের দায়বদ্ধতা নিশ্চিত হয়।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে কোনো প্রতিপক্ষের ইন্ধনে এ ধরনের সংবাদ প্রকাশ করা হয়ে থাকতে পারে বলেও প্রতিবাদে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে এ বিষয়ে নিরপেক্ষ তদন্ত ও তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনের দাবি জানানো হয়।

প্রতিবাদকারীরা বলেন, কারও বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে তাঁর বক্তব্য নেওয়া সাংবাদিকতার নৈতিক দায়িত্ব। একতরফা ও যাচাইবিহীন সংবাদ পরিবেশন করে কাউকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

সাবেক চেয়ারম্যান রতন কুমার দাসের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পোর্টাল কর্তৃপক্ষকে প্রকাশিত সংবাদের সত্যতা যাচাই, প্রতিবেদকের পরিচয় প্রকাশ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে সংশোধনী প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

সাইফুল ইসলাম
গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে গ্রামীন ব্যাংক কার্যালয়ে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে।

এতে কার্যালয়ের ভিতরে কোন ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। পরে জানতে পেরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মো. সুজন মোল্লা নামের এক ছাত্রলীগ কর্মী মঙ্গলবার দুপুরে উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় এঘটনা ঘটিয়ে নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন।

ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী সুজন মোল্লা সহ ৩ জন ব্যক্তি “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে গ্রামীন ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তখন সুজন বলেন, ইউনূসের মতো কোন স্বৈরাচারের ঠাঁই এই টুঙ্গিপাড়াতে হবে না। পরে প্রধান ফটকের তালা ভাঙতে চেষ্টা করেন তারা।

গ্রামীন ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, সকালে কার্যালয়ের প্রধান ফটক তালা মেরে আমরা সবাই বাইরে কাজ করছিলাম। পরে দুপুরে পেট্রোলবোমা মারার খবর পেয়ে অফিসে আসি। এতে ভিতরের কোন ক্ষতি না হলে একটি দরজার কিছু অংশ পুড়ে যায়। এঘটনায় কেউ আহত হয়নি। তবে যারা এঘটনা ঘটিয়েছে তারাই আবার ফেসবুকে পোস্ট করেছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, পুলিশ বিষয়টি জানার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফেনীতে চারজনকে অপহরণের মামলার এজাহারভুক্ত ও অভিযোগপত্রভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালী বাজারের মাইনউদ্দিন মার্কেটে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর টেকনাফ ক্যাম্পের সিপিসি-১-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রংগীখালী জুম্মাপাড়ার বাসিন্দা খালেকুজ্জামান ওরফে খুইল্ল (২৮) ও নবী হোসেন (৩৪)।

এসআরবি-১৫-এর দেওয়া তথ্য অনুযায়ী, তাঁরা ফেনীতে চারজনকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় ও অভিযোগপত্রভুক্ত আসামি। তাঁরা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রেপ্তারের পর তাঁদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৫।

সাদ্দাম হোসেন সাজ্জাদ :

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে দুটি হত্যা মামলার আসামি লালু (৩৭)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে ১২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়। এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে একটি মুঠোফোন জব্দ করা হয়।

এসআরবি-১৫-এর তথ্য অনুযায়ী, গ্রেপ্তার লালু ১২ নম্বর ক্যাম্পের জি/৬ ব্লকের বাসিন্দা। তিনি আরসার সদস্য এবং উখিয়া থানায় দায়ের করা দুটি হত্যা মামলার এক নম্বর আসামি। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন বলেও জানিয়েছে ব্যাটালিয়নটি।

গ্রেপ্তারের পর তাঁকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

সাদ্দাম হোসেন সাজ্জাদ:

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পকেন্দ্রিক অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আটটি সংস্থার সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) পরিচালিত এ অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অপরাধে পাঁচজনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ১৬ এপিবিএন, জেলা পুলিশ, জেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, এসআরবি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও ব্যাটালিয়ন আনসারের ১৯৫ জন কর্মকর্তা ও সদস্য অংশ নেন।

অভিযান চলাকালে টেকনাফ থানায় ২০২৫ সালে দায়ের করা চুরি ও চোরাই মালসংক্রান্ত একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামি মো. কামাল হোসেন (৩২)–কে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, রোহিঙ্গা ক্যাম্পের অভ্যন্তরে সরকারি জায়গা দখল করে ঘরবাড়ি ও দোকানপাট নির্মাণ, সরকারি নির্দেশ অমান্য এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে দণ্ডবিধির ১৮৮ ধারায় এক থেকে তিন মাস পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া মাদক সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোহাম্মদ ছব্বির (২৮) নামের আরও একজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

১৬ এপিবিএনের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ও দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এম এ হোসেন পাটোয়ারী, পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬-এর মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বিভিন্ন পদের প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে সমিতির নিজস্ব কার্যালয় থেকে মোট ৫১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী সমিতির ২৮টি গ্রুপ বা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ৩৩টি প্রতিনিধি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। পীরগাছা বাজারের প্রায় ১ হাজার ২০০ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন।

তফসিল ঘোষণার পর থেকেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। প্রথম দিন সোমবার ১৯টি এবং দ্বিতীয় দিন মঙ্গলবার ৩২টি মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।

এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন পরিচিত ও প্রভাবশালী ব্যবসায়ী। তাঁদের মধ্যে রড-সিমেন্ট গ্রুপ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।

এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ থেকে মনোনয়ন ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন স্বর্ণ ব্যবসায়ী শিপন সাহা, কসমেটিকস ব্যবসায়ী কনক চৌহান, ওষুধ ব্যবসায়ী আল আমিন বুলেট, আমজাদ হোসেন ও মাহমুদুল হাসান দুলাল, মুদিপণ্য ব্যবসায়ী আব্দুল মান্নান, এনায়েত উর রহমান ও রফিকুল ইসলাম রবি, কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম ও আব্দুল করিম, কাঠ ব্যবসায়ী মোস্তাক আহমেদ, হার্ডওয়্যার ও ক্রোকারিজ ব্যবসায়ী মুক্তার রহমান মুক্তা, কনফেকশনারি ব্যবসায়ী ফয়েজ আহমেদ, কাপড় ব্যবসায়ী টিটু মোল্লা, মাছ-মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম রবি এবং সার-কীটনাশক ব্যবসায়ী শওকত আলীসহ অনেকে।

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন পীরগাছা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক আব্দুল খালেক এবং স্থানীয় ব্যবসায়ী আলম মিয়া।

নির্বাচন সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, সবার সহযোগিতায় একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে পীরগাছা বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল হবে বলে তাঁরা প্রত্যাশা করছেন।

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলা শহরে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও দই তৈরি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণের দায়ে বৈশাখী সুইটস নামের একটি মিষ্টির দোকানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শিহাব উদ্দিন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌরঙ্গী মোড় এলাকার বৈশাখী সুইটসে অভিযান চালানো হয়। এ সময় দোকানটির ভেতরে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি ও দই প্রস্তুত, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ মিষ্টি ও সন্দেশ সংরক্ষণ এবং দইয়ের পাত্রে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার প্রমাণ পাওয়া যায়।

অভিযানকালে নিরাপদ খাদ্য কর্মকর্তার উপস্থিতিতে দুধের হাইড্রোজ ও হাইজিন টেস্টসহ মিষ্টি প্রস্তুতের সারফেস পরীক্ষা করা হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুবাশ্বিরা আমাতুল্লাহ জানান, জনস্বার্থে ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্যের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

অভিযান শেষে দোকানটির মালিক সুশান্ত জোয়ার্দার তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন।

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে ১০ নভেম্বর’২০২৬ইং মঙ্গলবার দুপুর ২ ঘটিকায় পাঁচগাছী ইউনিয়নের জেলেপাড়ায় অংশীজন বা স্টেকহোল্ডারদের সাথে ইন্টারেক্টিভ সেশন এবং সংলাপের মাধ্যমে মাতৃ, নবজাতক, শিশু এবং কিশোর-কিশোরী স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো সমাধানের জন্য স্থানীয় পর্যায়ে কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা তৈরি লক্ষ্যে অংশীজন বা স্টেকহোল্ডারদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন ও সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ কুড়িগ্রামের এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সহকারী স্বাস্থ্য পরিদর্শক ফজলুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পাঁচগাছী ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক শেখ নুর মোহাম্মদ, পাঁচগাছী ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মোঃ আব্দুর রাজ্জাক, যুব ফোরামের সদস্য খাদেমুল ইসলাম ও সুর্জিনা খাতুন প্রমূখ।

এছাড়াও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কমিউনিটি ফেসিলিটেটর মোঃ খোরশেদুল ইসলাম, মোঃ সাগর ইসলাম। এ সংলাপের মাধ্যমে স্থানীয় পর্যায়ে একটি কমিউনিটি অ্যাকশন প্ল্যানিং বা সামাজিক কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়।

আলোচনায় মাতৃস্বাস্থ্যের বিভিন্ন সমস্যা, গর্ভকালীন ও প্রসবকালীন সেবার সীমাবদ্ধতা, নবজাতকের প্রয়োজনীয় যত্ন, শিশুদের টিকাদান ও পুষ্টি, অপুষ্টি প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয় উঠে আসে।

সভায় বক্তারা বলেন, “স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো স্বাস্থ্য কর্মসূচিই দীর্ঘমেয়াদে সফল করা সম্ভব নয়।” তাই জনগণের মতামত ও স্থানীয় বাস্তবতাকে গুরুত্ব দিয়ে সামাজিক কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্য পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।